আগের দুদিনের মত ব‌্যাপক জট নেই, তবে ঈদের ছুটি শুরুর প্রথম দিন সকালেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলছে ধীর গতিতে।  

ঢাকা থেকে এই পথ ধরেই বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণের বিভিন্ন জেলায় পৌঁছাবে ঈদে ঘরমুখো মানুষ। আর ঢাকার কোরবানির পশুর হাটের চাহিদা মেটাতে এই পথ ধরেই উত্তরবঙ্গ থেকে ঢাকা আসছে গরুবোঝাই ট্রাক।   

ঈদে সরকারি ছুটি রোববার থেকে শুরুর কথা থাকলেও তার আগে শুক্র-শনির কল‌্যাণে কার্যত ছুটি শুরু হয়ে গেছে শেষ কর্মদ্সি বৃহস্পতিবার বিকাল থেকেই।

সড়কে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি গাড়ির চাপে বৃহস্পতিবার সকালে ব‌্যাপক যানজটের পর প্রায় সারাদিনই থেমে থেমে গাড়ি চলেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে।

এরই মধ‌্যে রাত ১১টার দিকে মির্জাপুরে আনারস বোঝাই ট্রাক ও পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয়পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টায় আটকা পরা যানবাহন শুক্রবার সকালের দিকে থেমে থেমে চলতে শুরু করে।

গোড়াই মহাসড়ক থানার এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত চন্দ্রা প্রায় ৭০ কিলোমিটার সড়কে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে, সামনে এগোতে হচ্ছে থেমে থেমে।

রংপুর থেকে যাত্রী নিয়ে আসা এক বাসের চালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই হাত করে আগাচ্ছি, আধা ঘণ্টা বসে থাকছি, আবার দুই হাত আগাচ্ছি। ঢাকা পৌঁছাব কখন বলতে পারছি না।” 

যানজটের খবর পাওয়া গেছে ঢাকা থেকে দক্ষিণের পথে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটেও। শুক্রবার সকালে পাঁচ শতাধিক যানবাহনকে শিমুলিয়া প্রান্তে পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।

Post a Comment Blogger

 
Top