দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের দৌলতদিয়া অংশের চারটি ঘাটের মধ্যে দুটি একদিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ঘাট দুটি চালু হয় বলে জানান দৌলতদিয়া ফেরিঘাট ব্যবস্থাপক শফিকুল ইসলাম।

এর আগে বুধবার দুটি ঘাট বন্ধ হয়ে যায় এবং আরও দুটি ঘাটে স্রোতের কারণে ছোট ফেরি ভিড়তে না পারায় যান পারাপার মারাত্মক ব্যাহত হয়।

ব্যবস্থাপক শফিকুল বলেন, বৃহস্পতিবার বিকাল ৫টায় ২ নম্বর ও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৩ নম্বর ঘাট দুটি চালু হওয়ার পর যান পারাপার শুরু হয়েছে।

যে দুটি ঘাটে স্রোতের কারণে ছোট ফেরি ভিড়তে পারছিল না সেখানে অবস্থার উন্নতি না হলেও ছোট ফেরিগুলো ২ ও ৩ নম্বর ঘাটে ভিড়তে পারছে বলে তিনি জানান।

ফেরিঘাট বন্ধ থাকায় দুই পারে বাস-ট্রাকসহ তিন শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও তিনি জানান।

বিআইডিব্লউটিএর সহকারী প্রকৌশলী শাহ্ আলম বলেন, পানি কমতে থাকায় স্রোত ও ভাঙন দু-ই বাড়ছে। এ কারণে ঘাট ঠিক রাখা কঠিন হচ্ছে।

Post a Comment Blogger

 
Top