সিরিয়ার জঙ্গি-জিহাদি গোষ্ঠী জাবহাত ফতেহ আল-শামের একজন জ্যেষ্ঠ কমান্ডার আলেপ্পোয় নিহত হয়েছেন।
গোষ্ঠীটির একটি সূত্র এই তথ্য জানিয়েছে। গোষ্ঠীটি আল-নুসরা ফ্রন্ট নামেও পরিচিত।
বিবিসি বলছে, জাবহাত ফতেহ আল-শাম ট্যুইটারে দেওয়া এক বার্তায় ঘোষণা দিয়েছে, কমান্ডার আবু ওমর সারাকিব আলেপ্পেো প্রদেশে এক বিমান হামলায় মারা গেছেন।
তবে কোন দেশের বাহিনী এই বিমান হামলা চালিয়েছে তা জানায়নি গোষ্ঠীটি।
জুলাইয়ে আল-নুসরা ফ্রন্ট তাদের নাম পরিবর্তন করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়।
সিরিয়ায় দেশটির সরকার, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট জঙ্গি-বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে।
গোষ্ঠীটির সূত্রে জানা গেছে, আলেপ্পোর পশ্চিমাংশে কাফর নাহা গ্রামে একটি গোপন আস্তানা লক্ষ করে বিমান হামলা চালানো হলে কমান্ডার আবু ওমর সারাকিবসহ আরো কয়েকজন নিহত হন।
তবে অসমর্থিত আরো বেশকিছু প্রতিবেদনে বলা হয়েছে, গোষ্ঠীটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতাও এই হামলায় নিহত কিংবা আহত হয়েছেন।
সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্য-ভিত্তিক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, জাবহাত ফতেহ আল-শামের একটি বৈঠক চলাকালে অজ্ঞাত যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। এতে সারাকিব এবং আবু মুসলেম আল-শামি নামের আর একজন সামরিক কমান্ডার নিহত হন।
তবে নাম পরিবর্তন এবং আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেওয়ার পরও যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে, গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠনই মনে করে যুক্তরাষ্ট্র। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কোনো কারণ নেই।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া গোষ্ঠীটির বিরুদ্ধে তাদের সামরিক অভিযান বাড়ানোর পরিপ্রেক্ষিতে নুসরা ফ্রন্ট নতুন রূপে আত্মপ্রকাশ করার সিদ্ধান্ত নেয়।
পর্যবেক্ষকেরা বলছেন, জঙ্গি এই গোষ্ঠীটিতে ৫ থেকে ১০ হাজারের মতো যোদ্ধা রয়েছেন। তাদের অধিকাংশই সিরিয়ার নাগরিক।
Post a Comment Blogger Facebook